সন্দ্বীপের সফল নারী উদ্যোক্তা মাহবুবা মঈন,মাসিক আয় ৫ লক্ষ টাকা।

0 ৯০০,০০৫

সন্দ্বীপের হারামিয়া মেয়ে মাহবুবা মঈনের জীবনগল্প যেন এক অনুপ্রেরণার নাম।স্বপ্ন,সংগ্রাম আর আত্মবিশ্বাসের রঙে গড়া তার উদ্যোগ “Tawshia Fashion” আজ ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে।

প্রবাসে দেখা বাস্তবতা,বদলে দেয় ভাবনাঃ

শৈশবের একটি বড় অংশ কেটেছে তার সৌদি আরবে। সেখানে উচ্চশিক্ষিত মানুষদেরও কঠোর পরিশ্রম করতে দেখে তার মনে প্রশ্ন জাগে—শিক্ষা যদি স্বাধীনতা না দেয়, তবে তার মূল্য কী? সেখান থেকেই জন্ম নেয় একটি স্বপ্ন—নিজে কিছু করবেন, অন্যদের জন্যও তৈরি করবেন কর্মসংস্থান।

শিক্ষিত হয়েও উদ্যোক্তা হওয়ার সাহসঃ

মিরপুর বাংলা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন মাহবুবা মঈন। স্বামীর সরকারি চাকরির কারণে কর্মজীবনে সীমাবদ্ধতা থাকলেও তিনি থেমে থাকেননি। বেছে নেন স্বাধীন পথ—উদ্যোক্তা হওয়ার।

ছোট শুরু,বড় স্বপ্নঃ

২০১৬ সালের শেষ দিকে অল্প কিছু কাপড় নিয়ে অনলাইনে শুরু করেন “Tawshia Fashion”।সমাজের অনেকেই তখন বিদ্রূপ করেছে—“এত পড়াশোনা করে কাপড় বিক্রি!”কিন্তু তিনি হাল ছাড়েননি, বরং সেই কথাগুলোকেই বানিয়েছেন নিজের শক্তি।বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ৯ জনের।

প্রতারণা আর ক্ষতির মধ্যেও অদম্য এগিয়ে চলাঃ

শুরুটা মোটেও সহজ ছিল না।কুরিয়ারে পণ্য হারানো, বিদেশি অর্ডারে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি, এমনকি কাছের মানুষের প্রতারণা—সবই সহ্য করেছেন। তবুও থামেননি।

নিজ হাতে শুরু করেন হ্যান্ড ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট ও হ্যান্ডপেইন্টের কাজ।দেশ ছাড়িয়ে বিশ্বে “Tawshia Fashion”আজ তার তৈরি পোশাক পাইকারি দামে
পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে।

দেশীয় হস্তশিল্পকে আধুনিকতার ছোঁয়ায় তুলে ধরে “Tawshia Fashion” হয়ে উঠেছে একটি পরিচিত নাম।এটি শুধু একটি ব্র্যান্ড নয়—এটি সংস্কৃতি, গল্প ও আবেগের বহিঃপ্রকাশ।

ইতিমধ্যে নিজস্ব ওয়েবসাইট চালু করেছে Tawshia Fashion, ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে নারী উদ্যোক্তা মাহবুবা মঈন সন্দ্বীপ বার্তাকে জানান, ভবিষ্যতের স্বপ্ন আরও বড়, একটি অফলাইন স্টুডিও ও স্কিল-শেয়ারিং প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার—যেখানে নতুন উদ্যোক্তারা শিখতে পারবেন, গড়ে তুলতে পারবেন নিজেদের পথ।

অনুপ্রেরণার নাম মাহবুবা মঈন সব বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।তার গল্প প্রমাণ করে—ইচ্ছা, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সফলতা একদিন আসবেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!