মিরসরাই ইকোনমিক জোনে রক্তের দাগ,দুর্ঘটনার মোড়কে হত্যাকাণ্ড নয় তো?

চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ঘটে যাওয়া একটি ঘটনা সাধারণ সড়ক দুর্ঘটনার আবরণ পেরিয়ে জন্ম দিয়েছে গভীর রহস্যের। বৃহস্পতিবার(১২ মার্চ)দুপুর দুইটায় নিপ্পন কারখানার সামনে একটি বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের(৪২)ব্যক্তিগত গাড়ি।এই মর্মান্তিক মৃত্যু কি নিছকই কোনো দুর্ঘটনা,নাকি নেপথ্যে রয়েছে ব্যবসায়িক কোনো শত্রুতা ও পূর্বপরিকল্পনা?এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মিরসরাইয়ের সর্বত্র।

নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।জানা যায়,বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিজের ব্যবসায়িক কাজ শেষ করে তিনি বড়তাকিয়া ফিরছিলেন।ঘটনার প্রত্যক্ষদর্শী নাঈম সরকার যে বর্ণনা দিয়েছেন, তা সন্দেহকে আরও প্রবল করে তোলে।

নাঈম সরকার জানান,কামাল উদ্দিন নিজের গাড়ি নিয়ে স্বাভাবিকভাবেই একপাশ দিয়ে যাচ্ছিলেন।হঠাৎ অপর দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চোখের পলকে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয় এবং চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তবে স্থানীয়দের তৎপরতায় চালক আটক হয়।নাঈম সরকারের মতে, এটি কেবল একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকেও উঠছে হত্যার অভিযোগ।নিহত কামালের বড় ভাই শাহাদাত হোসেন দাবি জানিয়েছেন যে,ইকোনমিক জোনে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তিনি এই ঘটনার পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান,বিএনপি দুর্দিনের একজন সাহসী সৈনিককে হারিয়েছে।বিগত সরকারের আমলে কামাল উদ্দিন রাজপথে থেকে সর্বদা নেতৃত্ব দিয়েছেন,যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

এছাড়া তিনি আরও জানান,দুর্ঘটনাস্থল থেকে গাড়ি কেটে গুরুতর আহত অবস্থায় কামাল উদ্দিনকে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক)প্রেরণ করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজ ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে তার দাফন সম্পন্ন হবে।

এদিকে,এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী নাজমুল হক জানিয়েছেন,ধাক্কা দেওয়া ঘাতক ড্রাম ট্রাকটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে,তা নিশ্চিত হতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments (০)
Add Comment