“সংগ্রাম থেকে স্বপ্নপূরণ” সন্দ্বীপের তরুণী উদ্যোক্তা সাহেদা আক্তার সাথী।

চট্টগ্রামের সন্দ্বীপের এক তরুণী সাহেদা আক্তার সাথী পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছেন।বর্তমানে তিনি ডিগ্রি ফাইনাল ইয়ারে অধ্যয়নরত।শিক্ষা ও কাজ দুটোকেই সমান গুরুত্ব দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নিজের লক্ষ্যের পথে।

সাথী জানান,“আমি বিশ্বাস করি,একজন শিক্ষিত মানুষ তার কাজকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে।তাই পড়াশোনা এবং ব্যবসা—দুটোই একসাথে চালিয়ে যাচ্ছি আমি।”

তার উদ্যোক্তা জীবনের শুরুটা হয়েছিল সন্দ্বীপের ঐতিহ্যবাহী নকশি পিঠা ও পাক্কন পিঠা দিয়ে।
ছোটবেলা থেকেই এসব পিঠার সাথে আবেগ জড়িয়ে থাকায় তিনি ভাবেন,এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।সেই চিন্তা থেকেই তার উদ্যোগের যাত্রা শুরু।

ব্যবসার শুরুতে বড় কোনো আর্থিক বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ না থাকলেও সামাজিকভাবে কিছু বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে।তিনি বলেন,“কিছু আত্মীয়-স্বজন বিষয়টিকে ছোট করে দেখেছেন, সমালোচনা করেছেন।কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি।নিজের লক্ষ্য ও আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে গেছি।”

বর্তমানে তার ব্যবসার মূল লক্ষ্য হলো ঘরোয়া,স্বাস্থ্যসম্মত ও ভালোবাসা দিয়ে তৈরি খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া।পাশাপাশি তিনি চান,আমাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো যেন হারিয়ে না যায়।নারীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনুপ্রাণিত করাও তার অন্যতম উদ্দেশ্য।

তার ব্যবসায় নকশি পিঠা,পাক্কন পিঠাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা,ঘরোয়া আচার এবং বিভিন্ন ফ্লেভারের কেক পাওয়া যায়।প্রতিটি পণ্যই তিনি যত্ন ও ভালোবাসা দিয়ে তৈরি করেন।

আয়ের বিষয়ে জানতে চাইলে সাহেদা আক্তার সাথী জানান,তার ব্যবসার আয় মূলত অর্ডারের উপর নির্ভরশীল।তবে গড়ে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো আয় হয়,যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

এসময় গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথাও জানান তিনি।“প্রতিটি অর্ডার ডেলিভারির পর কাস্টমাররা তাদের সন্তুষ্টির কথা জানান।তাদের এই ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়,”বলেন তিনি।

আগামী দুই বছরে নিজের ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান সাথী।বিশেষ করে ঘরে বসে কিছু করতে চাওয়া নারীদের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।তার ভাষায়,“মানুষ অনেক কথা বলবে,কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।ধৈর্য্য ধরে চেষ্টা চালিয়ে গেলে একদিন সফলতা আসবেই।”

নতুন উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ—“ধৈর্য্য ধরতে হবে,নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং কখনো হাল ছাড়া যাবে না।শুরুতে বাধা আসবেই কিন্তু যারা ধৈর্য্য ধরে থাকে,তারাই একদিন সফল হয়।”

Comments (০)
Add Comment